সিরাজগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩২) নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পিকআপ চালকও গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আরব আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাদ্দাম হোসেন এক পিকআপ নিয়ে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন মারা যান। এ সময় পিকআপ চালকও গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কিছু সময় সড়ক অবরোধ করেন। পরে তাদের সঙ্গে কথা বলে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। তাৎক্ষণিক মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি




