দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় সিফা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিফা ফুলবাড়ীর উত্তর সুজাপুর এলাকার ইসরামূলের ছেলে। সে নর্থপয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য বটতলা মোড়ে সড়ক পার হচ্ছিল সিফা। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি




