দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে এক অজ্ঞাতপরিচয় মেয়েশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার রাতে করতোয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কয়েকজন ব্যক্তি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। করতোয়া নদীর উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে এসে মরদেহটি নদীর একটি বাঁকে আটকে যায়। উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক ১০ বছর হলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
তিনি আরও জানান, মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিনিধি/টিবি




