মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

‘মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে’

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:০১ এএম

শেয়ার করুন:

‘মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে’
মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মোংলা বন্দরের সমস্যাগুলোকে চিহিৃত করা হয়েছে এবং সকলের সহযোগিতা নিয়ে আগামী এক মাসের মধ্যে তা সমাধান করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা হোটেল সিটি ইন এ মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মোংলা বন্দরের অপার সম্ভাবনা রয়েছে। সরকারি দফতরগুলোতে সেবাবান্ধব পরিবেশ তৈরি করা গেলে বেশি রাজস্ব আদায় করা সম্ভব। সবাইকে মোংলা বন্দরের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার অনুরোধ জানাই। জাতীয় অর্থনৈতিক হাব গড়ে উঠলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দিয়েছেন। অংশীজন সম্মেলনে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, মোংলা কাস্টমস হাউজের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

অংশীজন সম্মেলনে বন্দর ব্যবহারকারীরা মোংলা বন্দরের উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন। এই সম্মেলনে মোংলা বন্দর ব্যবহারকারী, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, আমদানি ও রফতানিকারকসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর