সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাই সনদ না মানার অভিযোগে বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

জুলাই সনদ না মানার অভিযোগে বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ
জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র দিচ্ছেন সাত আইন কর্মকর্তা। ছবি: ঢাকা মেইল

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারপতি নিয়োগে সরকারের অবস্থানের প্রতিবাদে বগুড়ায় সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সোমবার বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের বগুড়া ইউনিটের সঙ্গে যুক্ত। তারা জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠনের নেতা হিসেবে পরিচিত।

পদত্যাগকারী আইন কর্মকর্তারা হলেন- অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি এমদাদুল ইসলাম, সহকারী সরকারি কৌঁসুলি আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ ও আতাউর রহমান সবুজ।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র দেওয়ার সময় ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আকন্দ, সহসভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, আতাউর রহমান সবুজ, সাইফুদ্দীন সাইফুল, দলিলুর রহমান ও আল-আমিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পদত্যাগপত্রে শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একই সঙ্গে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থান তাকে উদ্বিগ্ন করেছে।

তিনি আরও উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাইয়ের আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, এসব ঘটনা সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এ পরিস্থিতিতে বিবেকের তাড়নায় পদে থেকে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর