প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
সোমবার দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে দেন।
আদালতে তানভীরের পক্ষে জামিন আবেদন করেন বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী।
জামিন নাকচের বিষয়টি তিনি নিশ্চিত করেন। বলেন, আদালত তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এই আদেশে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে।
তিনি জানান, ফেসবুক যে স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এই মামলা, সংশ্লিষ্ট আইডি ও ব্যবহৃত মোবাইল ফোনটি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। যার ফরেনসিক তদন্তের মাধ্যমে সব তথ্য বেরিয়ে আসা সম্ভব।
এর আগে, ঢাকার মিরপুরের মণিপুরি পাড়ার একটি বাড়ি থেকে গত ৫ আগস্ট ভোরে সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রতিনিধি/এলএ




