ফেনী শহরতলীর লালপোল বেদেপল্লী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে মাদকসহ আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফেনীর উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে লালপোল বেদেপল্লীর পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফেনী সদর উপজেলার অলিপুর ধলিয়া এলাকার মো. দিদার হোসেন, হাসানপুর এলাকার ইমন হোসেন পাটোয়ারী, বেতাগা বটতলা এলাকার মো. ওসমান গণি, মৌলইছা এলাকার কাজী নজরুল ইসলাম জুয়েল ও নোয়াখালীর সুধারাম থানার বাসিন্দা (বর্তমানে ফেনী সদর নিবাসী) মো. সোহেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ফেনীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




