নেত্রকোনার খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলার ধনু নদ ঘেঁষা তিনটি গ্রাম থেকে এক রাতেই ১২ গরু চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার মধ্যরাতে রাতে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের হারারকান্দি ও সুলতানপুর গ্রাম থেকে রাতে চার কৃষকের ৯টি গরু চুরি হয়েছে। এতে তাদের ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হারারকান্দি গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, তার বসতঘর ও গোয়ালঘর পাকা। চোরেরা বসতঘরের সামনের ও পেছনের দরজা রশি দিয়ে বেঁধে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু নিয়ে যায়।
একই গ্রামের কৃষক হায়দার হোসেন বলেন, গতরাতে গোয়ালঘরের দরজার বাঁধন কেটে দুটি গরু নিয়ে গেছে চোরেরা। গোয়ালে মোট ৭টি গরু ছিল। বাঁধন কেটে দেওয়ায় অন্য গরুগুলো গোয়াল বের হয়ে যাওয়ায় সেগুলো আর নিতে পারেনি।
সুলতানপুর গ্রামের সিরাজ মিয়া বলেন, একই রাতে আমার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে।
একই গ্রামপর শামসু মিয়া বলেন, আমার গোয়ালঘর থেকেও গতরাতে একটি গাভী চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।
চাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলু মিয়া বলেন, হারারকান্দি গ্রামের কৃষকদের পাঁচটি এবং সুলতানপুর এলাকার চারটি গরু চুরি হয়েছে— এ বিষয়টি নিশ্চিত হয়েছি। বিষয়টি লেপসিয়া পুলিশ ফাঁড়িতেও জানানো হয়েছে।
তিনি আরও বলেন, চুরির ঘটনায় এখনো ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, সেখানে জিডি করা হয় না। জিডি করতে হলে খালিয়াজুরী থানায় যেতে হবে।
লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খান বলেন, গরুর মালিকেরা ফাঁড়িতে এসেছিলেন জিডি করতে। তাদের খালিয়াজুরী থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, গরু চুরি যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে লেপসিয়া ফাঁড়ির পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাওর এলাকার মানুষ এমনিতেই এ বছর ক্ষতিগ্রস্ত। এর মধ্যে কৃষকদের গরু চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক।
ওসি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকেরা থানায় এলে তাদের অভিযোগ নেওয়া হবে। এরপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মোহনগঞ্জের গাগলজুর ইউনিয়নের মান্দারোয়া গ্রামের সুরে আলম নামে এক কৃষকের তিনটি গরু গতকাল রাতে চুরি হয়েছে। এ ঘটনায় সুরে আলম মোহনগঞ্জ থানায় সোমবার বিকেলে অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা গুলজার মিয়া বলেন, গতকাল রাতে দুই উপজেলার যে কয়টি গ্রামে চুরি হয়েছে সবগুলো গ্রামই ধনু নদের পাড় ঘেঁষা। এই বর্ষাকালে চোরেরা ট্রলারে করে এসে নদের পাড়ের গ্রামগুলোতে গরু চুরি করে ট্রলারে নিয়ে যায়। কৃষকদের সতর্ক পাহারার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দরকার।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, গরুর চুরি হওয়ার ঘটনায় একজন কৃষক অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




