নীলফামারীর ডিমলায় সেচ ক্যানেলের পানিতে ডুবে পাখি আক্তার (১২) ও সিনহা আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালা-ভাগনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাখি আক্তার ডিমলা উপজেলার নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে এবং সিনহা আক্তার একই এলাকার আবুলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তুহিন বাজার এলাকার একটি সেচ ক্যানেলের পাশে পাখি ও সিনহা খেলছিল। একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পাখিও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে ডুবে যায়।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ক্যানেলে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস




