সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

স্কুল বন্ধ হলেই অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষায় নামে দ্বিতীয় শ্রেণির নীরব

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

স্কুল বন্ধ হলেই অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষায় নামে দ্বিতীয় শ্রেণির নীরব

স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বই-খাতা হাতে বিদ্যালয়ে যাওয়ার কথা যে বয়সে, সেই বয়সেই নীরব মিয়ার হাতে উঠেছে মায়ের হাত। তবে স্কুলে যাওয়ার জন্য নয়—ছুটির দিনে অন্ধ মাকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে।

নীরব মিয়া ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার স্বপ্ন তার। সপ্তাহের পাঁচ দিন নিয়মিত স্কুলে যায়। কিন্তু শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকলেই বদলে যায় তার শৈশবের দৃশ্যপট। সেদিন বই-খাতা রেখে মায়ের হাত ধরে নেমে পড়ে নান্দাইল বাজারে। মানুষের কাছে হাত পেতে যে টাকা পায়, তা দিয়েই চলে তাদের সংসার, মেটানো হয় তার পড়াশোনার খাতা-কলমের খরচ।

নীরবের বয়স অল্প। পৃথিবীটাকে তার চেনার কথা আনন্দ আর খেলাধুলার মধ্য দিয়ে। অথচ অভাব আর অসহায়ত্ব তাকে শিখিয়ে দিয়েছে জীবনের কঠিন বাস্তবতা।

নীরবের মা শিউলি আক্তার জন্ম থেকেই দুই চোখে দেখতে পান না। তিনি নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। ২০১৭ সালে জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান গ্রামের লালন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। দুই সন্তান জন্মের পর স্বামী তাদের দেখভাল করা বন্ধ করে দেন। এরপর থেকেই দুই সন্তানকে নিয়ে দরিদ্র বাবার বাড়িতে আশ্রয় নেন শিউলি।

নীরবের ছোট ভাই রাব্বি মিয়াও একই বিদ্যালয়ের শিশুশ্রেণিতে পড়ে। দুই সন্তানকে পড়াশোনায় রাখতে চান অন্ধ মা শিউলি। কিন্তু সংসারের নিত্যদিনের খরচ আর সন্তানদের পড়াশোনার ব্যয় মেটানোর সামর্থ্য তার নেই।

প্রতি শুক্র ও শনিবার নীরব মাকে নিয়ে নান্দাইল বাজারে ভিক্ষা করে। দুই দিনে প্রায় হাজারখানেক টাকা আয় হয়। সেই টাকাতেই কোনো রকমে চলে তাদের সংসার। আর সপ্তাহের বাকি পাঁচ দিন নীরব ফিরে যায় তার প্রিয় বিদ্যালয়ে।

নীরবের কণ্ঠে শিশুসুলভ সরলতা। অভাবের কথা বলতে গিয়ে সে বলে, স্কুলে পড়তে তো খরচ লাগে, কেউ তো টেহা দেয় না। স্কুল বন্ধ যে দিন, সেই দিনেই আম্মার হাত ধইরা ভিক্ষা করি বাজারে। আব্বা তো দেহে না, কী করবাম?

শিউলি আক্তার বলেন, ১০ বছর আগে বিয়ে হলেও দুই সন্তান জন্মের পর আর খোঁজ রাখেনি স্বামী। তিন মাস পরপর প্রতিবন্ধী ভাতার কিছু টাকা পেলেও তা দিয়ে সংসার চলে না। দুই ছেলে স্কুলে গেলে মজা কেনার জন্য বায়না ধরে। তাই বড় ছেলেটার সঙ্গে ভিক্ষা করতে বের হই।

নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি আক্তার বলেন, নীরব ও তার ছোট ভাই আমাদের স্কুলেই পড়াশোনা করে। শুনেছি শুক্র ও শনিবার স্কুল বন্ধের দিন সে তার মাকে নিয়ে ভিক্ষা করে। আমাদের স্কুল থেকে তাদের খাতা ও কলম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি।

 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, এ রকম মানুষদের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। তাদের কীভাবে সহযোগিতা করলে নিয়মিত আয় হবে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর