রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

‘দুনিয়াত অহনও সৎ মানুষ আছে'

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

‘দুনিয়াত অহনও সৎ মানুষ আছে'
হারিয়ে যাওয়া টাকা ফেরত নিচ্ছেন ট্রাফিক পুলিশদের কাছ থেকে বৃদ্ধ তাজুল ইসলাম। ছবি: ঢাকা মেইল

‘মাইয়ার (মেয়ের) বিয়ার বাজার করার লাইজ্ঞা (জন্য) গেরাম থেইক্কা (থেকে) শহরে আইছিলাম। পরে দেহি (দেখি) আমার সব টেহা (টাকা) হারাই গেছে। অনেক হুজাহুজির (খোঁজাখুঁজির) পরে হবর (খবর) পাইলাম এক পুলিশ অফিসার আমার টেহাগুলা (টাকাগুলো) পাইছে। আমি প্রমাণ দিলে তারা আমারে টেহা (টাকা) বুঝাইয়া দিছে। দুনিয়াত অহনও (এখনও) সৎ মানুষ আছে। যার কারণে আমি বড় বিপদ থেইক্কা (থেকে) উদ্ধার অইছি (হয়েছি)। নাইলে মাইয়ার বিয়া দিতে অনেক কষ্ট হইত।'

হারিয়ে যাওয়া ৫০ হাজার টাকা পেয়ে বৃদ্ধ তাজুল ইসলাম আবেক আপ্লূত হয়ে কথাগুলো বলছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের কাউতুলি এলাকায় তাজুল ইসলাম নামে একজন হারিয়ে যাওয়া ৫০ হাজার টাকা ফেরত দিয়েছে সদর ট্রাফিক পুলিশ।

রোববার বিকেলে তথ্য প্রমাণের মাধ্যমে ওই ব্যক্তির কাছে টাকা বুঝিয়ে দেয় পুলিশ।

পুলিশ জানায়, বিকেলে তাজুল ইসলাম তার মেয়ের বিয়ের বাজার করার জন্য জেলার নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশা করে শহরের কাউতুলি মোড়ে আসে। অটোরিকশা থেকে নেমে ভাড়া দিয়ে চলে যায়। এ সময় তার সাথে থাকা ৫০ হাজার টাকাসহ ব্যাগটি সড়কে পড়ে যায়। পরে সড়কে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নরুল আমিন একটি ব্যাগ দেখতে পেয়ে তার হাতে নেন। পরে খুলে দেখা যায়, এতে ৫০ হাজার টাকা রয়েছে।

এ বিষয়ে সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাসেলুর রহমান জানান, ওই ব্যক্তির হারিয়ে যাওয়া টাকা পেয়ে এটিএসআই নরুল আমিন আমাকে জানায়। পরে বিষয়টি আমাদের স্যারদের জানাই। হারিয়ে যাওয়া টাকা পাওয়ার জন্য ওই ব্যক্তি আমাদের কাছে আসে। পরে তাদের তথ্য-প্রমাণের মাধ্যমে ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর