টাঙ্গাইলের ভূঞাপুরে একটি মাদরাসায় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ১৫ আগস্টের শোক দিবসের অনুষ্ঠান ও ভোজের আয়োজনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকার খাদিজাতুল কুবরা মাদরাসায় এ আয়োজন করা হয়। অভিযোগ ওঠা আলম শেখ ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি মাদরাসায় খিচুড়ি রান্না করা হয়। পরে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ও এলাকার কয়েকজন বাসিন্দা অংশ নেন। মাদরাসার সুপার হাবিবুল্লাহ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

গাবসারা ইউনিয়ন বিএনপির নেতারা জানান, তারা এ আয়োজনের বিষয়ে আগে কিছু জানতেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন। তাদের দাবি, আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলম শেখের নেতৃত্বে এ আয়োজন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আলম শেখ বলেন, ‘আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। ১৫ আগস্টের শোক দিবস পালন করা আমার দায়িত্ব। তাই শিক্ষার্থী ও স্থানীয়দের নিয়ে দোয়া ও খাবারের আয়োজন করেছি।’ স্থানীয় বিএনপির নেতারা আয়োজনটি ঠেকাতে না পেরে তাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
গাবসারা ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি কাজল শেখ বলেন, ফেসবুকে বিষয়টি দেখে তিনি মাদরাসার সুপারকে সতর্ক করেছেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াজদুজ্জামান কাজী বলেন, তিনিও বিষয়টি আগে জানতেন না। ফেসবুকের মাধ্যমে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ‘ওই এলাকার নেতারা বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস




