নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার আরোহী মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন।
এই ঘটনায় স্থানীয় কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক সুমনসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার ৭টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি অটোরিকশায় চড়ে কানকিরহাটের উদ্দেশে রওনা হন।
পথে একটি দ্রুতগতির মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে অটোরিকশায় থাকা ইউপি চেয়ারম্যান, তাঁর সহযাত্রী মোশাররফ হোসেন এবং অটোরিকশাচালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে মোশাররফ হোসেন মজুমদার মারা যান।
আরও পড়ুন:
নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ দুই যুবক আটক
নিহত মোশাররফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
তিনি সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মজুমদারের চাচাতো ভাই। তাঁর মৃত্যুর সংবাদের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত ও এক বিএনপি নেতার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এএম




