নোয়াখালীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ (এলজি) দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানায়। এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ি মাদরাসা ভবন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী (শান্তিনগর) এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. ফয়সাল (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় লোকজনের সহায়তায় দারুস সুন্নাহ এবতেদায়ি মাদরাসার তিনতলা ভবনের নিচতলার সিঁড়ির পশ্চিম পাশের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি পুরোনো দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




