মাদারীপুরে ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আশিক জমাদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক খোয়াজপুর গ্রামের লেয়াকত জমাদ্দারের ছেলে। তিনি ভ্যানের যাত্রী ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়ি থেকে ভ্যানে করে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন আশিক। পথে কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে নসিমনটি তার ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এএম




