গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও ঘটনাস্থলে মারা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে গরু ব্যবসায়ী হানিফ ও চালক আলমগীর হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এএইচ



