মানিকগঞ্জে শ্রমিকদল নেতা পরিচয় মো. সাইফুল এক পিকআপচালককে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পিকআপচালক মো. দিপু মিয়া।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
মো. সাইফুল মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতার বাসিন্দা।
অভিযোগপত্র থেকে জানা যায়, মো. সাইফুল নেশা জাতীয় দ্রব্য সেবন করার জন্য পিকআপচালক দিপুর কাছে ১ হাজার টাকা চায়। দিপু সেই টাকা দিতে অস্বীকার করলে মানিকগঞ্জ বাস টার্মিনালে এনে সাইফুল রড দিয়ে দিপুকে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।
পিকআপচালক মো. দিপু মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে শ্রমিক নেতা পরিচয়ে সাইফুলকে নেশার টাকা না দেওয়ায় রড দিয়ে আমাকে পিটিয়েছে। পরে টার্মিনালের লোকজন আমাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, বর্তমান শ্রমিকদলের কমিটিতে মো. সাইফুলের কোনো পদে নেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা মো. দিপু মিয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




