শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

৩০০ ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার, পুলিশের ওপর হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

৩০০ ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার, পুলিশের ওপর হামলার অভিযোগ
ইয়াবাসহ গ্রেফতার দুই ভাই। ছবি: ঢাকা মেইল

বাগেরহাটের ফকিরহাটে ৩০০ ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা এবং দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

গ্রেফতাররা হলেন- ফকিরহাট উপজেলার কামটা গ্রামের ইমরান ওরফে নয়ন মোল্লা এবং তার ভাই কামরান ওরফে নিলয় মোল্লা। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় দুই ভাই পুলিশের সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গোপন সংবাদে ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইমরান ওরফে নয়ন মোল্লার বাড়িতে পৌঁছালে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ভাই হামলার চেষ্টা করেন।

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটকের পর তল্লাশি চালিয়ে ইমরান ওরফে নয়নের শয়নকক্ষের বালিশের নিচে একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। একই কক্ষের টেবিলের ড্রয়ার থেকে ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, কামরান ওরফে নিলয় মোল্লার পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি আরও জানেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজশে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক, সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর