হবিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. আবদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়। বিজিবির দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ৫৫ বিজিবির সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্তের ইসলামপুর এলাকায় এ অভিযান চালায়। পরে রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়।
আটক মো. আবদুর রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের মৃত কচির উল্লাহর ছেলে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সীমান্তপথে মাদক পাচার বন্ধ এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রমও চলমান রয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছে বিজিবি।
প্রতিনিধি/এআর




