চাঁদপুরে মাদক কেনার জন্য টাকা না দেয়ায় দা দিয়ে বাবা মো. মুছাব্বর গাজীকে (৬০) কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হোসেন গাজী চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী গাজী বাড়ির নিহত মুছাব্বর গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি হোসেন গাজী মাদকসেবী। মাদকের টাকার জন্য সব সময় বাবার সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়ে মারধর করত। মাদক সেবন থেকে বিরত রাখতে তাকে ঢাকায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করা হয়। তাতেও কাজ হয়নি।
আরও পড়ুন
১৮ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ আসামি হোসেন গাজী তার বাবাকে ঘরে শয়ন অবস্থায় ধারালো ‘দা’ দিয়ে মাথায় দুটি কোপ দেয়। এতে তিনি মারাত্মক জখম হন। এমন পরিস্থিতিতে তিনি শয্যা থেকে উঠলে আবারও কোপ দেয়, তখন হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শহরের ওয়ারল্যাস বাজার এলাকায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় ওই দিন চাঁদপুর সদর মডেল থানায় নিহত মুছাব্বর গাজীর বড় ছেলে মো. আলম গাজী হত্যার ঘটনায় ছোট ভাই হোসেন গাজীকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে ১৭ নভেম্বর আদালতে সোপর্দ করে।
মামলাটি তদন্ত করেন চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম। তিনি মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন মো. শফিকুর রহমান ভূঁইয়া।
প্রতিনিধি/এলএ




