নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।
বুধবার সকালে তাকে আদালতে হাজির করার পর সেখান থেকে বিকেলে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে উঠানোর আগে তিনি এ ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ থেকে মামুন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি গাজীপুরে কারাগারে রয়েছেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলার রয়েছে। এসব মামলায় বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে বিকেলে গারদখানা থেকে ফের কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে উঠানোর আগে তিনি আওয়ামী লীগ ছাড়ার এ ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে হাতকরা পড়া অবস্থায় প্রিজনভ্যানে উঠানোর জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ।
এ সময় আব্দুল্লাহ আল মামুন মণ্ডল হঠাৎ দাঁড়িয়ে যান। পরে উপস্থিত সকলের সামনে তাকে বলতে দেখা যায়, ‘আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনো দিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন।’
২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন । পরবর্তীতে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৪ সালে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হওয়ার পর তার রাজনৈতিক অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
প্রতিনিধি/এলএ




