বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা

ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী মো. আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলেকে পুলিশে সোপর্দ করেন তার বাবা আব্দুল খালেক।

মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে সদর থানা পুলিশ সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে জুয়েল রানাকে বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, গ্রেফতার জুয়েল রানা শহরের সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, নিরাপত্তাকর্মী আব্দুর রহমানকে হত্যার পর জুয়েল রানা বিষয়টি তার মাকে জানান। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর