টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানী কমিউনিটি ক্লিনিকটি পানির নিচে তলিয়ে গেছে। নিচু স্থানে ক্লিনিকটি স্থাপন করায় বছরের প্রায় অর্ধেক সময়ই এটি জলাবদ্ধতার কবলে থাকে বলে স্থানীয়দের অভিযোগ। এতে দীর্ঘদিন ধরে ক্লিনিক থেকে স্থানীয়দের স্বাভাবিক স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, কমিউনিটি ক্লিনিকটির চারপাশ ও প্রবেশপথ পানিতে তলিয়ে রয়েছে। ফলে রোগী ও সেবাগ্রহীতাদের ক্লিনিকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য ক্লিনিকে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ক্লিনিকের আশপাশে পানি জমে যায়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় জলাবদ্ধতা স্থায়ী হয়। বছরের উল্লেখযোগ্য সময় ক্লিনিকটি পানির নিচে থাকায় চিকিৎসাসেবা কার্যক্রমও ব্যাহত হয়।
স্থানীয়দের দাবি, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত ক্লিনিকটির চারপাশ ভরাট করে উঁচু করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা অথবা প্রয়োজন হলে ক্লিনিকটি অপেক্ষাকৃত উঁচু স্থানে স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফরিদুল ইসলাম বলেন, বাওয়ার কুমারজানী কমিউনিটি ক্লিনিকসহ ৪/৫টি ক্লিনিক নিচু স্থানে রয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রতিনিধি/এজে




