জামদানি শিল্পের সমস্যা, সম্ভাবনা ও নকশার উন্নয়ন নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সোনারগাঁ উপজেলার ১৫ জন জামদানি বয়নশিল্পী ও সাংবাদিক অংশ নেন।
ফাউন্ডেশনের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। রিসোর্স পারসন ও প্রশিক্ষক ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।
ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা এ কে এম মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চন্দ্র শেখর সাহা।
কর্মশালায় জামদানি বয়নশিল্পের ঐতিহ্য, নকশা ও রঙের বিন্যাস, পণ্যের মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ, আধুনিকতার সংযোজন এবং নকশায় বৈচিত্র আনার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, জামদানির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আধুনিক বাজারের চাহিদা অনুযায়ী নকশা ও পণ্যে বৈচিত্র আনতে হবে। একই সঙ্গে কারিগরদের দক্ষতা উন্নয়ন ও বাজারব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
প্রতিনিধি/এসএস




