শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রিপন মোল্লা নামে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মান্নান সরদার পাশের সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের বিরোধ চলে আসছিল। এর জেরে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তমিজ খাঁর সমর্থক রিপন মোল্লা বিস্ফোরণে গুরুতর আহত হন। তার হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, ককটেল বিস্ফোরণের আঘাত নিয়ে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজনকে মৃত ঘোষণা করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




