গাইবান্ধার সাদুল্লাপুরে ক্যানসারের চিকিৎসার ব্যয় ও শারীরিক যন্ত্রণায় হতাশ হয়ে আব্দুল মোতালেব আলী (৫০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব আলী ওই গ্রামের মৃত আরদশ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে মোতালেব আলী আগের মতো কাজ করতে পারছিলেন না। এতে একদিকে তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হচ্ছিল, অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছিল নিয়মিত উপার্জনের পথ। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে।
স্বজনেরা জানান, অসুস্থতার কারণে দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন মোতালেব। ক্যানসারের শারীরিক যন্ত্রণার পাশাপাশি নিজের অসুস্থতা ও পরিবারের ওপর বাড়তে থাকা আর্থিক চাপ নিয়ে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন।
সোমবার সকালে তার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন
আশানুরূপ ফল না হওয়ায় রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দরিদ্র মানুষের জন্য দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে অসুস্থতার সঙ্গে পরিবারের আয়ও বন্ধ হয়ে যায়। এতে চিকিৎসার পাশাপাশি সংসারের অন্যান্য খরচ চালানোও কঠিন হয়ে পড়ে।
তারা বলেন, ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য সরকারি চিকিৎসা সহায়তা আরও সহজলভ্য করা প্রয়োজন। পাশাপাশি দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় কমানো এবং তাদের সামাজিক ও মানসিক সহায়তার ব্যবস্থা জোরদার করা জরুরি।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




