সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

ন্যায্যমূল্যে সার না পাওয়ায় লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

ন্যায্যমূল্যে সার না পাওয়ায় লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ
কৃষকদের সড়ক অবরোধে আটকে আছে যান চলাচল। ছবি: ঢাকা মেইল

সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

সোমবার সকালে জেলার কালীগঞ্জ বাজার এলাকায় কয়েক হাজার আমন চাষি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

অবরোধের কারণে পাথরবাহী ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন মহাসড়কে আটকা পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, আমন চাষের মৌসুমে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ করা হচ্ছে না। সরকার নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় বাধ্য হয়ে তাদের বেশি দামে সার কিনতে হচ্ছে। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে সময়মতো সার না পাওয়ায় আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

কৃষকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে প্রতি বস্তা টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে তা ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি বস্তা ডিএপি সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও তা ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ১ হাজার ৩৫০ টাকা নির্ধারিত দামের ইউরিয়া সারও বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

কৃষকেরা বলেন, আমন মৌসুমে সারের বাড়তি দামের কারণে তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত না করা হলে কৃষকদের লোকসানের মুখে পড়তে হবে। পাশাপাশি সময়মতো সার না পেলে ফলনও কমে যেতে পারে বলে আশঙ্কা তাদের।

পরে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি কৃষকদের চাহিদা অনুযায়ী আগামী দুই দিনের মধ্যে সার বিতরণের আশ্বাস দেন। ইউএনওর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর কৃষকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে কৃষকেরা জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে চাহিদা অনুযায়ী এবং সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা না হলে তারা আবারও মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর