রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সৈয়দপুরে বাসচাপায় কৃষক নিহত, মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

সৈয়দপুরে বাসচাপায় কৃষক নিহত, মহাসড়ক অবরোধ

নীলফামারীর সৈয়দপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় আব্দুল লতিফ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সৈয়দপুর উপজেলার বসুনিয়া মোড় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কাঁছের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রোববার দুপুরে ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুল লতিফ। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বাহন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে তারা রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর