সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

সৌদিতে অগ্নিকাণ্ড: ৩৪ দিনের শিশু সাফা জান্নাত হারাল বাবা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

সৌদিতে অগ্নিকাণ্ড: ৩৪ দিনের শিশু সাফা জান্নাত হারাল বাবা

বয়স মাত্র ৩৪ দিন। জন্মের এক মাসের মাথায় বাবাকে হারাল সাফা জান্নাত। সংসারের সচ্ছলতা ফেরাতে আট মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় এলাকার শামীম হোসেন। গর্ভবতী স্ত্রীকে দেশে রেখে যাওয়া সেই প্রবাসী বাবা আর ফিরে আসতে পারলেন না।

রোববার সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নাটোরের শামীম হোসেনসহ ১৬ বাংলাদেশি নিহত হন।

নিহত শামীম হোসেনের বাবা মো. জাকির হোসেন। পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী হালতি খোলাবাড়িয়া এলাকার মিতু বেগমকে বিয়ে করেন শামীম। দীর্ঘ চার বছরেও সন্তান না হওয়ায় চিকিৎসা করান তারা। অবশেষে গত বছর স্ত্রী অন্তঃসত্ত্বা হলে সংসারের ভবিষ্যতের কথা ভেবে সৌদি আরবে যান শামীম।

এক মাস আগে তাদের ঘরে জন্ম নেয় কন্যাশিশু সাফা জান্নাত। দূরদেশে থেকেও ভিডিও কলে মেয়েকে দেখতেন শামীম। পরিবারের সদস্যরা জানান, দেশে ফিরে মেয়েকে কোলে নেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

আরও পড়ুন

এক মাসের সন্তানের মুখ আর দেখা হলো না, আগুনে পুড়ে না ফেরার দেশে শামীম

স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্ত্রী মিতু বেগম। আর ছেলের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

নিহতের মা শাহীনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সরকারের কাছে আমার আবেদন, দ্রুত আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। অনেক আশা নিয়ে সে সৌদি আরবে গিয়েছিল। আমার এক মাসের নাতনি তার বাবার জীবিত মুখটাও দেখতে পেল না। সরকার যেন আমার নাতনির ভবিষ্যতের জন্য কিছু করে।’

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান বলেন, ঘটনাটি জানার পর জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে সমবেদনা জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর