গাইবান্ধার সাঘাটা উপজেলায় সালাউদ্দিন নামে এক জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন- গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি ইউসূফ আল জারভী, জামায়াতের জেলা সহ-সেক্রেটারি ফয়সাল কবির, উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাজেদুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকারসহ অনেকে।
বক্তরা বলেন, গত ২১ জনু স্থানীয় শিবির নেতা সাইফুল্লাহ ও কর্মী সালাউদ্দিন বোনারপাড়া-সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিল। এসময় যুবদল নেতা মুকুল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৩ জন ছুরি দিয়ে জামায়াত কর্মী সালাউদ্দিনকে আঘাত করে। এসময় বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাজ বারী এগিয়ে এলে তাকে ধাওয়া করে রাস্তার ফেলে গলায় ছুরিকাঘাত করেন যুবদল নেতা মুকুল মিয়াসহ কয়েকজন। পরে স্থানীয়রা আহত দুজনকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন।
এরপর আহত সালাউদ্দিন ৪৮ দিন পরে শনিবার সকালে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন।
এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাইফুল্লাহ বারী হত্যা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এলএ




