খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিবলী হোসেন রুবেল নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কেএমপি ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
আরও পড়ুন
ডিবি জানান, ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে খুলনা থানার মোতলেবের মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঘটনার পর গোয়েন্দা তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি।
তদন্তের ধারাবাহিকতায় ডিবি ও খুলনা থানা পুলিশের একটি যৌথ দল নিরালা আবাসিক এলাকার রোড নম্বর ২৯-এর একটি বাসায় অভিযান চালিয়ে শিবলী হোসেন রুবেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার রুবেল সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
প্রতিনিধি/এলএ




