বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রনি নামে একজন রিকশাচালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থী ও স্থানীয়রা।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন ভোলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আজম বিশ্বাস।
আটক রনি বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয়রা বলেন, ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে প্রায়ই বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।
ববি শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাতে রনি ভোলা রোড এলাকা থেকে ওই কিশোরীকে রিকশায় তুলে পার্শ্ববর্তী খয়রাবাদ সেতুর দিকে নিয়ে যান। এ সময় কয়েকজন শিক্ষার্থী রিকশাটিকে ধাওয়া করলেও সেটির গতিরোধ করতে পারেননি। প্রায় দুই ঘণ্টা পর অভিযুক্তকে ওই কিশোরীকে আবার ভোলা রোড এলাকায় ফিরিয়ে আনতে দেখেন স্থানীয়রা। এ ঘটনার পর বুধবার দিবাগত রাতে রনি পুনরায় ওই কিশোরীকে নিতে ভোলা রোড এলাকায় এলে আগে থেকে সতর্ক থাকা শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের উদ্দেশে নিয়ে যায়। এ সময় উপস্থিত কয়েকজনের কাছে কিশোরী ধর্ষণের অভিযোগ করেছে বলে দাবি করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, রনি একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে থাকতে পারে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আজম বিশ্বাস বলেন, খবর পেয়ে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হচ্ছে। মেডিকেল পরীক্ষা এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে বিস্তারিত জানানো হবে।




