বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ফের বেড়েছে তিস্তার পানি, ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

ফের বেড়েছে তিস্তার পানি, ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
তিস্তা নদীর পানি বৃদ্ধি।

টানা বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে বুধবার সকাল থেকে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পানি পরিমাপক কেন্দ্রে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হয়।

পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

fa8262a5-b376-4727-b274-5d7ffcb22bd5

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে পানি ঢুকছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর