পবিত্র হজ পালনের ইচ্ছা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫)।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেন তিনি।
দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই তার ইচ্ছা ছিল পায়ে হেঁটে মক্কায় গিয়ে হজ পালন করবেন। সেই লক্ষ্য নিয়েই গ্রামের মানুষের দোয়া ও শুভকামনা নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন।
আরও পড়ুন
দুলাল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। হজ পালনের খরচ বহন করা সম্ভব না হওয়ায় তার বাবা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে নিয়েই তিনি যাত্রা শুরু করেছেন।

দুলাল হোসেন বলেন, অনেক দিনের স্বপ্ন আল্লাহর ঘরে হজ করতে যাওয়া। কিন্তু আমি একজন সাধারণ মানুষ। এত টাকা খরচ করে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহর ভরসায় যাত্রা শুরু করেছি। সরকারের কাছে অনুরোধ, প্রয়োজনীয় কাগজপত্র থাকলে যেন সীমান্তগুলোতে কোনো ধরনের বাধার মুখে না পড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব।’
স্থানীয়দের মধ্যে তার এ উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
প্রতিনিধি/এসএস




