মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়িয়ার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৭:০৪ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়িয়ার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে অনুষ্ঠিতব্য পাতা খেলা উপলক্ষে সোমবার বিকেলে আজাদুল ইসলাম কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন। পরে সাপটিকে প্রদর্শনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সাপটি তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে বিষ নামানোর উদ্দেশ্যে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে সোমবার রাত ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বজনরা জানায়, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবার (৪ আগস্ট) এক অনুষ্ঠানে বড় আকারের একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই নতুন ধরা সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামাণিক বলেন, রোগীকে হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে দেখা যায় প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর