সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল করা এবং পরবর্তীতে সেটির ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পরবর্তীতে মিছিলটির ভিডিও এবং স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে ও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাতে দেখা যায়।  

এদিকে, সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই মিছিলের ছবি পোস্ট করে জানান, শেখ হাসিনার নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতেই তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে জালালাবাদ থানায় মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২৫ জন ছাড়াও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর