গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ও এক যুবককে স্কুল প্রাঙ্গণে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) জেলার সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার নয়ন গোলদার (৪৫) হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে।
পুলিশ কর্মকর্তা নাফিছুর রহমান জানান, শনিবার ভোরে তাকে আটক করা হয়। নির্যাতনের শিকার যুবক সূর্য বাড়ৈর বাবা শিবনাথ বাড়ৈ রোববার কাশিয়ানী থানায় মামলা করার পর তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ২৮ জুলাই দুপুরে ওই শিক্ষার্থীকে রাহুথড় বড়ব্রিজ এলাকা থেকে ও সূর্য বাড়ৈকে নিজের বাড়ি থেকে ডেকে রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এসময় অভিযুক্তরা ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এজাহারে আরও বলা হয়, সূর্যকে ছেড়ে দেওয়ার জন্য অভিযুক্তরা চাঁদা দাবি করে। টাকা না দিলে দুজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সূর্যের মামা অপূর্ব মণ্ডল অভিযুক্তদের বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠানোর পর তাদের ছাড়া হয়।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, গ্রেফতার নয়ন গোলদার আগের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। এখন তিনি কমিটিতে নেই। নির্যাতনের যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, আমরা চাই এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেফতার নয়ন গোলদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি




