নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে স্পিডবোটে করে অবৈধভাবে পালানোর সময় নারী-শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে আনসার ও পুলিশের যৌথ দল। আটক ব্যক্তিরা তিনটি পরিবারের সদস্য।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্টসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, বিকেলে ডিউটি পোস্ট সংলগ্ন সাগরে একটি স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক চলাচল দেখতে পান দায়িত্বরত আনসার সদস্যরা। বিষয়টি লক্ষ্য করেই তারা দ্রুত ভাসানচর থানা-পুলিশকে অবহিত করেন। পরে আনসার ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে তিনটি পরিবারের ৯ সদস্যকে মালামালসহ হাতেনাতে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেন আনসার ব্যাটালিয়নের সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাসানচরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। তাদের সমন্বিত তৎপরতার ফলে পালিয়ে যাওয়ার এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
প্রতিনিধি/টিবি




