নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় কোম্পানীগঞ্জের চরকাঁকড়া থেকে ৯ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। পরে আটক ৩ পুরুষ, ৩ নারী ও ৩শিশু রোহিঙ্গাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৫ জুলাই) ভাসানচর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণে পুর্নবাসনের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান।
আটক রোহিঙ্গারা হচ্ছেন— ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নম্বরের ক্লাস্টারের মনির আহমদের ছেলে জাহেদুল্লাহ (২১), ৭০ নম্বরের ক্লাস্টারের লোকমান হাকিমের ছেলে নুরুল হাকিম (২৪), ২৮ নম্বরের ক্লাস্টারের খলিলের ছেলে ওমর ফারুক (১৪), ৫৪ নম্বরের ক্লাস্টারের নূর কবিরের মেয়ে মাজেদা বেগম (১৫), ৭ নম্বরের ক্লাস্টারের মনিরুল হকের স্ত্রী মমতাজ বেগম (২০), তার মেয়ে মনিকা বেগম (৮ মাস), ১৪ নম্বরের ক্লাস্টারের আমির হামজার স্ত্রী হোসনে আরা বেগম (২০), তার ছেলে নূর সাদেক (৫) এবং আনোয়ার সাদেক (২)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে চরএলাহী ঘাট দিয়ে উঠে চরকাঁকড়া রাস্তার মাথা হয়ে বসুরহাটের দিকে যাওয়ার চেষ্টা করে নারী ও শিশুসহ কয়েকজন। এসময় তাদের গতিবিধি, আচার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে বাজারের লোকজন তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ করলে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভাসানচর থেকে দালালের মাধ্যমে কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে স্বীকার করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজ আটক রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি




