নেত্রকোনা পৌর শহরের কুরপাড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গাভীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে শহরের কুরপাড় মীরবাড়ি সড়কের এই দুর্ঘটনা ঘটে।
গাভীটি ওই এলাকার খামারি সৈয়দ শফি আহমেদের।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, কুরপাড় মীরবাড়ি এলাকায় সৈয়দ শফি আহমেদের একটি দুগ্ধ খামার রয়েছে। ওই খামারে তিনি উন্নত জাতের গাভী লালন-পালন করেন এবং দুধ উৎপাদন করে থাকেন। দুপুরে খামারে গরুগুলো গোসল দিয়ে ঘাস খাওয়ার জন্য বাইরে ছাড়া হয়। এক ফাঁকে বিকেলে মীরবাড়ী টাওয়ারের পাশে একটি ট্রান্সমিটারের পিলারের পাশ দিয়ে গরুটি যাচ্ছিল। পিলারের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারের মধ্যে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে গাভীটি মারা যায়।
খামারের ম্যানেজার হেলিম মিয়া বলেন, প্রতিদিনের মতো দুপুরে গাভীগুলোকে গোসল দিয়ে খামারের আশপাশে খোলা জায়গায় ঘাস খাওয়ার জন্য ছাড়া হয়। এরমধ্যে টাওয়ারের পাশে ট্রান্সমিটারের খুটির সাথে ঝুলে থাকা তারে লেগে গরুটি মারা যায়। এরকম ঘটনা শহরে প্রায়ই বিভিন্ন এলাকায় ঘটছে। কয়েকদিন আগে কুরপাড় কাইলাটি মোড়ে সড়কের পাশে একটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম শাহীন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একটি মারা যাওয়ার মতো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর আমাদের লোকজন সেখানে পাঠানো হয়েছে। সেখানে বৈদ্যুতিক তারের কোনো সমস্যা থাকলে সেগুলো ঠিক করা হবে।
প্রতিনিধি/এলএ




