দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে প্রয়োজনীয় মেরামত কাজ শেষ হওয়ায় রাতের মধ্যেই ইউনিটটি আবার চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
রোববার ভোর ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পর দ্রুত মেরামত কার্যক্রম শুরু করা হয়। ইতোমধ্যে প্রয়োজনীয় মেরামত সম্পন্ন হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে রাতের মধ্যেই ১ নম্বর ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে সেখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই ইউনিট থেকে বর্তমানে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
প্রতিনিধি/এলএ




