মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

আদালতে হাজিরা দিয়ে আইভী বললেন, বিচারের ভার আল্লাহর হাতে 

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

আদালতে হাজিরা দিয়ে আইভী বললেন, বিচারের ভার আল্লাহর হাতে 
সেলিনা হায়াৎ আইভী

গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।  মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। 

হাজিরা শেষে বেরিয়ে আইভী বলেন, আমি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমিই কী অপরাধী? এটার বিচার আল্লাহ হাতে, তিনিই দেখবেন। নারায়ণগঞ্জবাসীও দেখবে।

এদিকে মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত এই মামলায় আইভীর আইনজীবীদের তার পক্ষে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আইভীর উপস্থিতিতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ আইভীর হাজিরা ছিল। তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আসামির পক্ষে তার আইনজীবী হাজিরা দিবে এই মর্মে আমরা বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত করেছিলাম। আজ আদালত এই আবেদন মঞ্জুর করেছেন। 

তিনি বলেন, যখন বিচার কাজ শুরু হবে তখন তাকে কোর্টে আসতে হবে। যতদিন চার্জশিট না হয় আসামির পক্ষে আইনজীবীর হাজিরা চলবে। আইভী সর্বত্রই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বারবার এটা প্রমাণ করেছেন। শুধু এই মামলাটিতেই আদালতে আইভীর আইনজীবী তার পক্ষে হাজিরা দেবে বলে আদালত অনুমতি দিয়েছে। বাকি মামলা গুলোতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। রাতভর আইভীকে গ্রেফতার করতে আসা পুলিশের সাথে এলাকাবাসীর বাগবিতণ্ডা চলে। পরবর্তীতে ভোরে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকেরা পুলিশকে বাধা দেয় ও গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় পরে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় আইভীকেও আসামি করা হয়।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর