সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা (রাজগোখরা) সাপ উদ্ধার করা হয়েছে। অবশ্য সাপটি কোনো পর্যটকদের আঘাত বা দংশন করেনি। পরে সেটিকে নিরাপদ দূরত্বে বনের গহীনে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে করমজল জামে মসজিদে ফজরের নামাজ পড়ে নিজ রুমে ফেরার পথে হরিণের খাঁচার পাশের রাস্তায় সাপটি তিনি ও মসজিদের ইমাম দেখতে পান। পরে রাস্তা থেকে সাপটিকে সরিয়ে বনের ভিতর ছেড়ে দেন তিনি।
এর আগে করমজল এলাকায় সাধারণত ৯ ফুট পর্যন্ত পুরুষ এবং ১৩ ফুট পর্যন্ত স্ত্রী কিং কোবরা পাওয়া গেছে। বাংলাদেশের পাহাড়ি এলাকা এবং সুন্দরবনের করমজল অঞ্চলে প্রচুর কিং কোবরার দেখা মেলে। সাপটি অত্যন্ত বিষধর হওয়ায় এবং কামড়ালে চিকিৎসার সময় খুবই কম পাওয়ায় সুন্দরবনে চলাচলকারী পর্যটক ও বনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি




