শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি’

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

‘জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। দেশের জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করবে।

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা ইতিহাস বিকৃত করেছে। নিজেদের মতো ইতিহাস তৈরি করেছে। সব ইতিহাস ভুলে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার উত্তরাঞ্চলকে পরিকল্পিতভাবে উন্নয়নবঞ্চিত করেছে। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তুলতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজিত ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে শুরু হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ আরও বড় বৈষম্য সৃষ্টি করেছে। তিনি জানান, দেশে বিদ্যুতের ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সারা দেশে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) সম্প্রসারণের কাজও শুরু হয়েছে।

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সি. এম. ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সেমিনারে জানানো হয়, দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি ও কর্মসংস্থানের সংকটে উত্তরাঞ্চলের পাঁচ জেলা—বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা—পিছিয়ে রয়েছে। এ অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যেই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল হক তৈয়ব জাকির, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক অংশ নেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর