ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে এক সিনিয়র স্টাফ নার্সের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় মাস্ক পরা এক যুবককে মোবাইলটি নিয়ে যেতে দেখা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের ব্রাহ্মণবাড়িয়া ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটলেও রাত ১১টায় মোবাইল চুরির সিসিটিভি ফুটেজ আসে এ প্রতিবেদকের কাছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিনিয়র স্টাফ নার্স মুন্নি চাকমা শুক্রবার সকাল ৮টার দিকে ডিউটিতে যোগ দেন। পরে ডিউটিরত অবস্থায় তিনি একজন রোগী দেখতে গেলে ওই সুযোগে মুখে মাস্ক পরা আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক টেবিলের ভেতর থেকে তার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোবাইল চুরির বিষয়টি ধরা পড়ে। তবে ঘটনার পর ওই যুবককে আর পাওয়া যায়নি। চুরি হওয়া মোবাইলটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইমরান হোসেন বলেন, হাসপাতালে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে জানানো হবে। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, তিনি রোগীর সঙ্গে মিশে হাসপাতালে প্রবেশ করেছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এ ধরনের চুরির ঘটনা সম্পর্কে আমি এখনো অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সিসিটিভি ফুটেজ রয়েছে, তাই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হবে।
প্রতিনিধি/টিবি




