বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশলীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশলীসহ আটক ২

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বিদেশি চিকিৎসা সরঞ্জাম চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—হাসপাতালের কম্পিউটার অপারেটর মো. মামুন এবং প্রকৌশলী মামুনুর রশীদ।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে একটি চক্র হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও নির্মাণকাজের মালামাল লুট করে নিয়ে যায়। অন্তত ছয়টি পিকআপ ভ্যানে করে এসব সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।

এর আগে ২১ এপ্রিল হাসপাতালটির পরিচালক ও বিএমইউর ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী বলেন, “২০২৩ সালে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর হুন্দাই কোম্পানির কিছু অব্যবহৃত মালামাল সেখানে রয়ে যায়। নির্মাণকাজের কিছু ভাঙারি পর্যায়ের জিনিস—যেমন রড, মেটালিক ও অ্যালুমিনিয়ামের কিছু উপকরণ—তারা নিতে পারেনি। সেগুলো বেজমেন্টের স্টোরে রাখা ছিল। পরে দেখা যায়, এসব সামগ্রী কেউ অনুমতি ছাড়া নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আশা করি, দু-এক দিনের মধ্যে একটি ফলাফল পাওয়া যাবে। কিছু লোক আছে, যারা ভাঙারি জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করে। আমরা ইতোমধ্যে তাদের কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না। কারও কারও বক্তব্য নেওয়া হয়েছে। সম্পৃক্তদের শাস্তি নিশ্চিত করার চেষ্টা অব্যাহত আছে। আমরা চিকিৎসক মানুষ—অপরাধীদের সঙ্গে কাজ করা কঠিন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে হাসপাতালের নিরাপত্তা বলয় ভেঙে কার্টনে ভর্তি সরঞ্জাম পিকআপে তোলা হয়।


বিজ্ঞাপন


এর আগে হাসপাতালের এক কর্মকর্তা জানান, লুটপাটের একটি ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। সেখানে দেখা যায়, মালামাল ভর্তি একটি পিকআপের চালক বলছেন, এসব সরঞ্জাম গুলশান কাঁচাবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর