বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিষধর সাপের মতো উঁকিঝুঁকি না মেরে দেশে আসুন, কারাগার প্রস্তুত: সাদ্দাম

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

বিষধর সাপের মতো উঁকিঝুঁকি না মেরে দেশে আসুন, কারাগার প্রস্তুত: সাদ্দাম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

‘আমরা তাকে দেশে আনার জন্য সরকারকে বলছি। ওখানে বসে বিষধর সাপের মতো উঁকিঝুঁকি মারেন। যখন দেখেন, তাকে নিয়ে আলোচনা কমে গেছে, তখন হঠাৎ একটি ভিডিও প্রকাশ করেন।’

নোয়াখালীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নোয়াখালী শহরের একটি অডিটোরিয়ামে নোয়াখালী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ডিসেম্বর আসছে—কোন ডিসেম্বর, সেটা বলা হয়নি। সেই ডিসেম্বর কেয়ামত পর্যন্ত নাও আসতে পারে। আমরা চাই, তার কথা অনুযায়ী ডিসেম্বর আসুক। দেশের মানুষ বিমানবন্দরে তাকে গ্রহণ করবে। এরপর কারাগার তার জন্য প্রস্তুত আছে। সরকার—শুনেছি—ফাঁসির দড়িও অর্ডার দিয়েছে। তাকে দেশে আসতেই হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে দেশের প্রশাসনে নগ্ন দলীয়করণ চলছে। সাদা দলের সঙ্গে যুক্ত না হলে কোনো জায়গায় উপাচার্য হওয়া যায় না? যোগ্য শিক্ষক কি আর নেই? শুধু ছাত্রদল বা বিএনপি করাই কি যোগ্যতার মাপকাঠি? এসবের নিন্দা জানাই। নির্বাচন না দিয়ে নিজেদের পছন্দের প্রশাসক বসানো হয়েছে। এই নতুন বন্দোবস্তের জন্য ছাত্ররা জীবন দেয়নি।’

fb134bed-b6d4-4729-a3ea-03ad329b8664

ছাত্র সংসদ ও ক্যাম্পাস রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানে ছাত্র সংসদের নির্বাচন হয়, সেখানে হল-বাণিজ্য, ভর্তি-বাণিজ্য, সিট দখল, চাঁদাবাজি বা টেন্ডারবাজি থাকে না। মাদক ব্যবসাও বন্ধ থাকে। এখন মিছিল করার জন্য অছাত্রদের টাকা দিয়ে আনতে হয়, কারণ নেতৃত্ব দেখানোর প্রয়োজন হয়।’

তিনি আরও বলেন, ‘নিজের পকেটের টাকা খরচ করে কেউ রাজনীতি করে না। নবীনবরণ বা ক্যারিয়ার গাইডলাইনের মতো অনুষ্ঠানও তারা করতে পারে না। কিছু জায়গায় অনুষ্ঠান করে, যেখানে চার টাকা খরচ করে পাঁচ টাকা পকেটে ঢোকানো যায়। রাজনীতিকে ব্যবসায় পরিণত করা হয়েছে।’

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী শহর সভাপতি আবদুল্লাহ আল মাহবুব, শহর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন, নোয়াখালী কলেজ সভাপতি আবদুল কাদের আল আমিন, সেক্রেটারি মো. ইব্রাহিমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর