চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বাহুলী শ্রীমাই ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় নুর নাহার (৫৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাশেদা বেগম (৬০) নামে আরেক নারী শ্রমিক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, দুপুর দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় রাশেদা বেগমকে হাসপাতালে আনা হয়। তার মাথার বাঁ পাশে গভীর আঘাত লাগে এবং রক্ত জমাট বাঁধে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রাশেদা বেগম কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা গ্রামের সমিউদ্দিনের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশিকুর রহমান জানান, রাশেদা বেগমকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার ও রাশেদা বেগম বাহুলী এলাকার একটি ক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। দুপুরে খাবার খেতে যাওয়ার সময় রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা দু’জন আহত হন। এর মধ্যে নুর নাহার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত নুর নাহার কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা গ্রামের মো. মালেকের স্ত্রী।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান পটিয়া থানার এসআই মামুনুর রশিদ।
প্রতিনিধি/এসএস




