শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি ইউনিয়ন কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, সোমবার রাতে কার্যালয়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা ফুটবল খেলা উপভোগ করেন। খেলা শেষে সবাই চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের ভেতরে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় বিভিন্ন ব্যানার-ফেস্টুন বাইরে ফেলে দেওয়া হয়। বাজারের পাহারাদাররা ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে কার্যালয়ের কিছু পুরোনো চেয়ার ও ফেস্টুনের অংশবিশেষ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পেয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
আরও পড়ুন
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
প্রতিনিধি/টিবি




