বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

শরীয়তপুরে স্থানীয় বিএনপির একটি কার্যালয় ভাঙচুর, ব্যানারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় একটি ক্লাবঘর নির্মাণ করে স্থানীয় বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এরপর নিয়মিত সেখানে তারা তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।

রোববার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়টির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট শেষে ভাঙচুর করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টার পর ভোর রাত ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ছাত্রদল নেতা ও শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা মোল্লা বলেন, আমরা প্রতিনিয়ত এই ক্লাবে সময় দিয়ে থাকে। গত মধ্যরাতে আমাদের ক্লাবটিতে দুর্বৃত্তরা ভাঙচুর লুট ও অগ্নিসংযোগ করে। আমরা এই ঘটনার বিচার চাই।

৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ মোল্লা বলেন, কে বা কারা রাতের আধারে ক্লাবে যা ছিল সব লুট করে নিয়ে যায়। পাশাপাশি ব্যানার ও ফ্যাস্টুনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনা তদন্ত করে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির একটি কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর করেছে ও পোস্টারে অগ্নিসংযোগ করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এদিকে এ ঘটনায় আজ সোমবার দুপুরে বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর